রংপুর অফিস
রংপুর কর অঞ্চল আয়োজিত সাত দিনব্যাপী আয়কর মেলা গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
রংপুর কর অঞ্চলের কর কমিশনার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরদার, উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন, রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার আশরাফুল ইসলাম। এবার ২০১৭-১৮ করবর্ষে রংপুর অঞ্চলে আয়কর আদাযে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ দশমিক ৯৭। গেল তিন মাসে আদায় হয়েছে ১শ’ ৩৯ কোটি টাকা।
প্রধান অতিথি বলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সুফিয়ান, ২০১০ থেকে শুরু করে এখন প্রতিবছর আয়কর মেলা হচ্ছে। এতে মানুষ কর প্রদানে উদ্বুদ্ধ হচ্ছে। আয়করের ব্যাপারে মানুষ যত সচেতন হবে রাজস্ব ততই বাড়বে। মানুষের মধ্যে উন্নয়ন বোধ জাগ্রত হলে এবং কর দেয়ার ব্যাপারে সচেতনতা বাড়লে দেশের রাজস্ব বাড়বে।
নিশ্চিন্তে নির্বিঘ্নে আয়কর রিটার্ন দিতে কর মেলাতে রংপুরের সকলকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। নিয়মিত আয়কর দিতে হবে। মেলার উদ্বোধনে পর থেকে আয়কর দাখিল আর করদাতাদের উপচেপড়া ভিড়ে প্রাণবন্ত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।
