করোনা মোকাবিলায় সক্রিয় আওয়ামী লীগ

আপডেট : ০৩ মে ২০২০, ০০:৪৭

করোনা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণে নিয়মিত বৈঠক করে খোঁজখবর নিচ্ছে ও সমন্বয় করছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। গতকাল শনিবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থেকে সারাদেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা, করোনা প্রতিরোধ, সরকারি ও দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম ও ধান কাটার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান।

আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং প্রাণঘাতী করোনা ভাইরাসের সৃষ্ট সংকট মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনির্ধারিত এই সভা থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সব সময় জনগণের পাশে থেকে মানবিক সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সারাদেশে সরকারিভাবে বিতরণকৃত ত্রাণ কার্যক্রমে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এবং খেটে খাওয়া কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে যাতে খাদ্যসহায়তা পৌঁছে সে ব্যাপারে সবাইকে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম ও কৃষকদের সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।