১৫ রোজার মধ্যেই পরিবহন শ্রমিকদের ঈদ বোনাসসহ বেতন-ভাতা পরিশোধের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। শুক্রবার মহান মে দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে যাত্রীকল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বলেন, করোনা মহামারিতে কর্মহীন পরিবহন শ্রমিকদের এই মুহূর্তে নিয়োগ ও কর্মঘণ্টার চেয়েও ন্যূনতম খেয়েপরে বেঁচে থাকার অধিকার দিতে পরিবহন মালিক ও সরকারের প্রতি অনুরোধ জানাই।
তিনি বলেন, এবারের মে দিবসে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের পরিবর্তে বেঁচে থাকার জন্য রাস্তায় ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছে। লকডাউনে রোজগার হারা শ্রমিকরা ভবিষ্যতের আশায় খেয়ে না খেয়ে মালিকের গাড়ি পাহারা দিচ্ছে। অপরদিকে বাজার হারানোর শঙ্কায় পোশাক খাতের শ্রমিকদের ঝুঁকিতে ঠেলে দিয়ে মে দিবস পালন করা অনেকটা তামাশার শামিল। এহেন ন্যক্কারজনক পরিস্থিতি থেকে উত্তোরণে মহান মে দিবসের শিক্ষা নিয়ে প্রতিটি গণপরিবহন চালক-হেলপারকে স্থায়ী বেতন-কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা সংবলিত নিয়োগপত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তিনি। একই সঙ্গে সড়ক ও নৌ খাতের সব শ্রমিককে পূর্ণাঙ্গ ঈদ বোনাসসহ একমাসের বেতন ১৫ রমজানের মধ্যে পরিশোধের জোর দাবি জানান তিনি।
