লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও তার মায়ের পজিটিভ এসেছে। গত ২৫ এপ্রিল রাতে ওই যুবক জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। শনিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে তাদের নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকার ওই যুবক জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ২৫ এপ্রিল রাতে মারা যায়। করোনার উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টীম ২৬ এপ্রিল সকালে ওই যুবকের নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি তার সংস্পর্শে আসা পরিবারের ১১ সদস্যের নমুনাও সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে এ নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে মৃত যুবক এবং তার বাবা ও ভাই-বোনসহ নয়জনের করোনা নেগেটিভ আসলেও তার মায়ের করোনা পজিটিভ আসে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন। যুবকটির সংস্পর্শে এসেই তার মা করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা সংগ্রহে বিলম্ব হওয়ায় ওই যুবকের রেজাল্ট নেগেটিভ এসেছে বলে মনে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম জানান, নতুন করে এ করোনা রোগী শনাক্ত হওয়ায় রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এর আগে এক ইউপি সদস্যসহ পাঁচজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাদের মধ্যে প্রথম শনাক্ত হওয়া করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ইত্তেফাক/এসি
