স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের কারণে স্থবির এখন দেশের ক্রিকেটাঙ্গন। করোনার এই দুঃসময়ে ক্রিকেটার থেকে শুরু করে মাঠকর্মীদের পাশেও দাঁড়িয়েছে বিসিবি। এবার ঢাকার ক্লাবগুলোকে বিশেষ উপহার পাঠিয়েছে বিসিবি।
প্রিমিয়ার ক্রিকেট লিগ (১২ ক্লাব), প্রথম বিভাগ (২০ ক্লাব), দ্বিতীয় বিভাগ (২০ ক্লাব) আর তৃতীয় বিভাগ (২৪ দল) মিলে মোট ৭৬টি ক্রিকেট ক্লাবের অফিস স্টাফ, টিম বয় ও অন্যান্য কর্মচারীদের জন্য বিশেষ সাহায্য প্রদান করেছে বিসিবি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সদস্য সচিব আলী হোসেন গতকাল এই তথ্য জানিয়েছেন। মিরপুর স্টেডিয়ামে ক্লাবগুলোর প্রতিনিধিদের কাছে গতকাল এসব উপহার হস্তান্তর করা হয়।
আলী হোসেন গতকাল বলেন, বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) ঢাকার মোট ৭৬টি ক্লাবের অফিস স্টাফ, কর্মচারীদের জন্য বিশেষ উপহার সামগ্রী পাঠিয়েছেন। প্রতিটি ক্লাবে ৩০টি করে প্যাকেট পাঠানো হয়েছে। সেখানে চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, মরিচ ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
