যুক্তরাষ্ট্র পুরুষ দলের সমান বেতনের দাবিতে আদালতে নিজেদের ফুটবল অ্যাসোসিয়েশনের বিপক্ষে মামলা ঠুকেছিল মেগান রাপিনোর নেতৃত্বাধীন নারী ফুটবল দল। তবে গত রবিবার মামলাটি খারিজ করে দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। রায়ে বলা হয় পুরুষ দলের চেয়ে নারী দল পিছিয়ে, এমন প্রমাণ পায়নি আদালত। বরং পুরুষরাই কিছু ক্ষেত্রে নারীদের চেয়ে পিছিয়ে আছেন এমন প্রমাণও পেয়েছেন বলে দাবি করেন বিচারক গ্যারি ক্লুজনার। মেগান রাপিনো, অ্যালেক্স মরগ্যানরা সরাসরি বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নন, বিভিন্ন টুর্নামেন্ট ধরে ধরে চুক্তি করা হয় বলে পুরুষ দলের চেয়ে বেতন বেশি পান তারা। তবে এ মামলায় হেরে গেলেও লড়াই চালিয়ে যাবে দলটি, বলেছেন দলটির মুখপাত্র মলি লেভিনসন। দলটির অধিনায়ক রাপিনোও এরপর এক টুইটে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন।
