বিনোদন রিপোর্ট
দেশের করোনা পরিস্থিতিতে ঘরবন্দি দর্শকদের জন্য ৩৫ বছর আগের জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক ‘এইসব দিন রাত্রি’ আবার প্রচার শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। আজ রাত থেকে আবারও প্রচারিত হবে ধারাবাহিকটি। তবে ‘এইসব দিন রাত্রি’ সুনির্দিষ্ট কোন সময়ে প্রচারিত হবে তা নিশ্চিত করেনি কর্মকর্তারা। তবে তারা জানিয়েছেন, রাত সাড়ে ৮টা বা ৯টায় প্রচারিত হতে পারে ধারাবাহিকটি। এর আগে করোনা পরিস্থিতিতে গত ৬ এপ্রিল থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ শিরোনামের নব্বই দশকের নন্দিত ধারাবাহিক নাটক দুটি আবার প্রচার শুরু করেছে বিটিভি।
‘এইসব দিন রাত্রি’ ১৯৮৫ সালে বিটিভিতে প্রথম প্রচার করা হয়। নাটকটি সেসময় এতটাই জনপ্রিয় ছিল যে নাটক চলাকালীন সময়ে ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা থাকতো। নাটকটি ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। নাটকটিতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সুখ, ভালোবাসা, বিয়ে, মৃত্যু ও সমস্যার কথা তুলে ধরা হয়েছে। যা সেসময় মানুষের মনকে ভীষণভাবে নাড়া দেয়।
হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিন রাত্রি’ নাটকটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। নাটকটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ (শফিক), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি করিম), ডলি জহুর (নীলু), লুত্ফুন নাহার লতা (শারমিন), আসাদুজ্জামান নূর (রফিক), দিলারা জামান (মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)।
