রাজশাহী কেন্দ্রীয় কারাগার
স্টাফ রিপোর্টার, রাজশাহী
করোনা ভাইরাস পরিস্থিতিতে চাপ কমাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৩৩ জন কয়েদির সাজা মওকুফ করে দিয়েছে সরকার। ইতিমধ্যে ১৭ জনকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে সরকার লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এ রকম বন্দিদের তালিকা কিছু দিন আগে কারা অধিদপ্তর আমাদের কাছ থেকে নিয়েছিল। সারাদেশ থেকে তালিকা পাওয়ার পর প্রথম পর্যায়ে ২ হাজার ৮৮৪ জনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, প্রথম পর্যায়ে রাজশাহীর ৩৩ জন কয়েদিকে ছেড়ে দেওয়ার জন্য শনিবার তিনি চিঠি পেয়েছেন। যাদের কারাদণ্ডের মেয়াদ এক বছর কিন্তু ছয় মাস বা তারও বেশি সাজা খেটেছেন এ রকম কয়েদিদেরই সাজা মওকুফ করা হয়েছে। ৩৩ জনের মধ্যে শনিবার সন্ধ্যায় ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরাও চলে যাবেন দু-এক দিনের মধ্যে। যে মামলায় সাজা হয়েছিল সে মামলায় তাদের আর কারাগারে যাওয়া লাগবে না। সাজা একেবারেই মওকুফ করে দেওয়া হয়েছে।
