করোনায় আক্রান্ত রাকাবের এক কর্মকর্তা

আপডেট : ০৩ মে ২০২০, ২১:৫৯

শাখা লকডাউন

ইত্তেফাক রিপোর্ট

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নীলফামারীর ডিমলা ডাঙ্গারহাট শাখার এক ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শাখাটি লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির আবাসস্থল, ব্যাংক শাখার পার্শ্ববর্তী একটি মেস, আশপাশের দোকানপাট এবং দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। নীলফামারী জেলার ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ডিমলা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলাবাসী নিজ দায়িত্বে নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন। বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। ডিমলা উপজেলা থেকে কেউ বাহির বা প্রবেশ করতে পারবে না। জরুরি সেবা, কাঁচাবাজার, মুদি দোকান ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জেলা শাখাগুলো ছাড়াও বিভাগীয় এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারাও প্রচণ্ড আতঙ্কিত। মার্চ মাসের শেষের দিকে সাধারণ ছুটি ঘোষণা করার পরবর্তী ১০ দিন অফিসেই আসেননি খোদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতনরা। সূত্র জানায়, রাকাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েক জন এখনো পর্যন্ত প্রধান কার্যালয়ে অনুপস্থিত। যদিও সরকারি নির্দেশনায় কর্মস্থল ত্যাগ (স্টেশন লিভ) না করার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাংকারদের মধ্যে অষ্টম ব্যক্তি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিমলা উপজেলার এই কর্মকর্তা। এর আগে সোনালী ব্যাংকের পাঁচ জন, মার্কেন্টাইল ব্যাংকের এক জন এবং দি সিটি ব্যাংকের এক জন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যাংকারদের মধ্যে দি সিটি ব্যাংকের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মারা গেছেন।