ডেস্ক রিপোর্ট
করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
আড়াইহাজারে ইউপি চেয়ারম্যান
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা মোশাররফ গতকাল এলাকার কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। প্রতিদিনই তিনি সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবুর নির্দেশে অসহায়দের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। সাহিদা মোশাররফ জানান, তিনি সরকারিভাবে এ পর্যন্ত ২ হাজার ২৫০ জন এবং ব্যক্তিগতভাবে ৮০০ কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এ সহায়তা অব্যাহত থাকবে।
সোনারগাঁওয়ে আওয়ামী লীগ নেতা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু নিজস্ব অর্থায়নে কর্মহীন চার শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। গতকাল সকালে নোয়াগাঁও ইউনিয়ন পরমেশ্বরদী বাজারে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. জাকির হোসাইন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান প্রমুখ।
ধামরাইয়ে ত্রাণ তত্পরতা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, উপজেলা চেয়ারম্যান ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন ব্যক্তিগত উদ্যোগে গতকাল উপজেলার রামরাবণ এলাকায় দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, সমাজসেবক নূরে আলম সিদ্দিকী নান্নু মিয়াসহ অন্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মোহাদ্দেছ হোসেন জানান, তিনি ৮ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন।
স্বেচ্ছাসেবক লীগ :এছাড়া শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রবিউল করিমের সার্বিক ব্যবস্থাপনায় কালামপুর বাজার বণিক সমিতি কার্যালয়ের সামনে থেকে এসব ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
যুবদল :একই দিনে উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫ হাজার কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি উপজেলার কালামপুর নিজ বাসভবন থেকে বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ-প্রতিনিধিদের কাছে এসব খাদ্যসামগ্রী বুঝিয়ে দেন।
