পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসছে আজ

আপডেট : ০৩ মে ২০২০, ২২:০৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

করোনা আর ঝড়ো আবহাওয়ার মধ্যেও থেমে নেই পদ্মা সেতুর কাজ। এই রোদ, এই ঝড়-বৃষ্টি, এরই মধ্যে এগিয়ে চলছে বিশাল এ কর্মযজ্ঞ। আজ সোমবার বসতে যাচ্ছে সেতুর ২৯তম স্প্যান। মাওয়া প্রান্তের সেতুর ১৯ ও ২০তম পিলারের ওপর বসবে ‘৪এ’ নম্বর স্প্যানটি। রবিবার সকাল ৮টার দিকে স্প্যানটিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কাছে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে নিয়ে যাওয়া হয়েছে ১৯ ও ২০ নম্বর পিলারের কাছে। আজ সকাল থেকে স্প্যানটিকে পিলারের ওপর বসানোর কাজ শুরু হবে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, সেতুর এই স্প্যান তথা স্ট্রাকচারের প্রতিটি ১৫০ মিটার দীর্ঘ। ৪১টি স্প্যানের ২৮টি খুঁটিতে স্থাপনও হয়ে গেছে। এতে সেতুর বড়ো অংশ অর্থাত্ ৪.২০ কিলোমিটার এখন দৃশ্যমান হয়েছে। আজ ২৯তম স্প্যান বসে গেলে দৃশ্যমান হবে ৪৩৫০ মিটার বা ৪.৩৫ কিলোমিটার।

২৯তম স্প্যানটি বসে গেলে বাকি থাকবে মাত্র ১২টি স্প্যান। সংশোধিত শিডিউল অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সব স্প্যান খুঁটিতে বসে যাওয়ার কথা আছে। তবে দায়িত্বশীল প্রকৌশলীরা মনে করছেন নির্ধারিত সময়ের আগেই আগস্টের মধ্যে খুঁটির ওপর সব স্প্যান বসে যাবে। দ্বিতল সেতুর ওপরে থাকবে সড়কপথ আর নিচে থাকবে রেলপথ। যা এখন ক্রমেই বিস্তৃত হচ্ছে।

পুরো প্রকল্পটিই আইসোলেটেট। তাই এখানকার দেশি-বিদেশি কর্মীরা অনেকটাই নিরাপদ। তাই এখানে নিরাপদ দূরত্বে অবস্থান করে কাজ করতে সমস্যা হচ্ছে না। বাইরের কাউকেই এখানে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে করোনার স্বাস্থ্যবিধি সবই মেনে চলা হচ্ছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।