স্বাস্থ্যবিধি মেনে অনেক কারখানা খুলেছে, দেওয়া হচ্ছে বেতন-ভাতাও

আপডেট : ০৩ মে ২০২০, ২২:২৭

বরিশাল বিসিক

শাহীন হাফিজ, বরিশাল অফিস

করোনা ভাইরাসের প্রভাবে বরিশাল বিসিক শিল্পনগরীর বৃহত্ প্রতিষ্ঠানগুলোর রপ্তানি আদেশ বাতিল ও প্রায় এক মাস কারখানা বন্ধ থাকলেও ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অধিকাংশ কারখানা আবার খুলেছে। সেগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন শ্রমিকেরা। শিল্প এলাকার ১০ সহস্রাধিক শ্রমিকের বেতন-ভাতাও নিশ্চিত করা হচ্ছে।

গত ৩০ এপ্রিল বিসিক মালিক সমিতির জরুরি সভায় কারখানা চালু ও শ্রমিকদের  বেতন দেওয়ার  সিদ্ধান্ত  নেওয়া হয়। গত শনিবার সরেজমিনে বিসিক এলাকার বৃহত্ প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখা গেছে, সব শ্রমিকের মুখে মাস্ক, মাথায় ক্যাপ ও কারখানায় প্রবেশের আগেই গেটে প্রত্যেকের হাত ধোয়ার ব্যবস্থাসহ থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপা হচ্ছে। একটি জীবাণুমুক্তকরণ টানেলের মধ্য দিয়ে প্রত্যেককে কারখানায় প্রবেশ করানো হচ্ছে। এছাড়া কারখানার অভ্যন্তরে প্রত্যেকের ৪ ফুট দূরত্বে বসে কাজ করার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

বরিশাল বিসিক শিল্পমালিক সমিতির সভাপতি এবং ফরচুন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মো. মিজানুর রহমান ইত্তেফাককে জানান, তার মালিকানাধীন ফ্যাক্টরি সমূহসহ বিসিক এলাকার অন্যান্য ফ্যাক্টরিগুলোতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শ্রমিকদের কাজে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংকটকালীন আমাদের প্রায় ৩৫ কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হলেও কর্মরত প্রায় ৫ সহস্রাধিক শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে। তিনি জানান, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হলে এ শিল্প এলাকার সব প্রতিষ্ঠান পুরোদমে চালু করা সম্ভব হবে।

উন্নয়ন কাজে বাধার অভিযোগ

বরিশাল শিল্প নগরীর অভ্যন্তরে জরুরি ভিত্তিতে চলমান অবকাঠামো উন্নয়ন কাজে দুষ্কৃতকারীদের বাধার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল বিসিকের কর্মকর্তা ও মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, শিল্পনগরীর রাস্তা ও ড্রেনের উন্নয়নমূলক কাজ শুরু হলে গত বুধবার একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে কাজে বাধা  দেয়। এ সময় ঠিকাদারের শ্রমিকেরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ রেখে পালিয়ে যান। মালিক সমিতি বিষয়টি পুলিশ কমিশনার, র্যাব ও জেলা প্রশাসনকে অবহিত করলে পুলিশ পাহারায় শনিবার থেকে ঠিকাদার পুনরায় কাজ শুরু করেন।