আহত পাহাড়ি যুবককে হেলিকপ্টারে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ

আপডেট : ০৩ মে ২০২০, ২২:২৭

চট্টগ্রাম অফিস

রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের জপুইপাড়া থেকে যতীন ত্রিপুরা নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক যুবককে উন্নত চিকিত্সাসেবা প্রদানের জন্য সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।

গত বুধবার রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের জপুই এলাকাতে জুম চাষের সময় উঁচু পাহাড় থেকে পড়ে বাঁশের আঘাতে গুরুতর জখম হন যতীন ত্রিপুরা। প্রথমে তাকে জপুই বিওপিতে বিজিবি ক্যাম্পে প্রাথমিক চিকিত্সা প্রদান করা হয়। পরে তাকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রামে নেওয়া প্রয়োজন বলে বিজিবি খাগড়াছড়ি সেনাবাহিনীকে জানায়। খাগড়াছড়ি সেনাবাহিনী চট্টগ্রাম সেনানিবাসকে জানায়। পরে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান আহত যুবককে দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রামে স্থানান্তর করার নির্দেশ প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবাহিনী জহুর ঘাঁটির একটি বিশেষ হেলিকপ্টারে যতীন ত্রিপুরাকে প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসা হয়। উন্নত চিকিত্সার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।