চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার জন্য স্থাপিত আরটি-পিসিআর মেশিনে ত্রুটি ধরা পড়ায় করোনা পরীক্ষা কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। গতকাল রবিবার সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিস ম্যানেজম্যান্ট কর্পোরেশন ত্রুটিপূর্ণ মেশিনটি খুলে নিয়ে গেছে। গত ২০ এপ্রিল করোনা পরীক্ষার জন্য চমেকে মেশিনটি আনা হয়। মেশিন স্থাপনের পর ক্যালিব্রেশন (মেশিন পরীক্ষা করার পদ্ধতি) করার সময় ত্রুটি ধরা পড়ে।
চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান বলেন, ক্যালিব্রেশন করতে গিয়ে মেশিনে ত্রুটি ধরা পড়ে। তাই সরবরাহকারী প্রতিষ্ঠান মেশিনটি ঢাকায় নিয়ে গেছে। তারা নতুন একটি মেশিন স্থাপন করবেন অথবা ত্রুটি সারিয়ে নেবেন।
এরই মধ্যে করোনা পরীক্ষার জন্য চমেকের মাইক্রোবায়োলজি বিভাগে বায়োসেপ্টিক ল্যাব প্রস্তুত করা হয়েছে। চিকিত্সক ও রোগী বসার স্থানসহ অবকাঠামো প্রস্তুত করা হয়েছে।
