তিন সাংবাদিককে মুক্তির দাবিতে নরসিংদীতে প্রতিবাদ সভা, স্মারকলিপি

আপডেট : ০৩ মে ২০২০, ২২:২৯

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি 

ডিজিটাল নিরাপত্তা আইনে নরসিংদীতে গ্রেফতারকৃত তিন সাংবাদিকের মুক্তির দাবিতে গতকাল রবিবার নরসিংদী প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ছয় উপজেলার সব সাংবাদিক উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ।

গত ৩০ এপ্রিল গ্রেফতারকৃত তিন সাংবাদিক রমজান আলী প্রামাণিক, শান্ত বণিক ও খন্দকার শাহিনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে গতকালের সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, সাংবাদিক বেনজির আহমেদ বেনু প্রমুখ । পরে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে গ্রেফতারকৃত সাংবাদিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তির ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং স্মারকলিপিটি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, ৩০ এপ্রিল পলাশ থানায় ঐ সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পলাশ থানা পুলিশ।