আড়াই বছরে সর্বনিম্ন রেমিট্যান্স

আপডেট : ০৩ মে ২০২০, ২২:৪৩

করোনা ভাইরাসের প্রভাব বিশ্বের সব জায়গায় পড়েছে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম এ খাতও হুমকিতে পড়েছে। প্রবাসী শ্রমিকদের উপার্জন নেই। অনেকে দেশে ফিরেছেন। আর যারা ফিরতে পারেননি তারাও ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। ইতিমধ্যে রেমিট্যান্স কমতে শুরু করেছে। ভবিষ্যতে যে এটা আরো কমবে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, এপ্রিলে যে রেমিট্যান্স এসেছে, তা মাসের হিসাবে গত আড়াই বছরে সর্বনিম্ন।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এপ্রিল মাসে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে ১০৮ কোটি ১০ লাখ ডলার  রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের এপ্রিলে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৪৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই মাসের চেয়ে এপ্রিলে রেমিট্যান্স আহরণ প্রায় সাড়ে ২৪ শতাংশ কমেছে। আগের মাস মার্চে রেমিট্যান্স আসে ১২৮ কোটি ৬০ লাখ ডলারের। অর্থাত্ এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ১৫ দশমিক ৬২ শতাংশ। 

এদিকে ফেব্রুয়ারি, মার্চ এবং সর্বশেষ এপ্রিলে রেমিট্যান্স কমলেও অর্থবছরের ১০ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১১ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। চলতি ২০১৯-২০ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৭৮ কোটি ডলার। গত ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে ১ হাজার ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। আলোচ্য সময়ে রেমিট্যান্স ১৫৭ কোটি ডলার বেড়েছে।