বরিশালে আইনজীবীর কারাদণ্ড

আপডেট : ০৩ মে ২০২০, ২২:৪৪

টিসিবির পণ্য বিক্রিতে বাধা প্রদান ও ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করায় বরিশালে এক আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আইনজীবী রবিউল ইসলাম রিপন নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা জানান, টিসিবির পণ্য বিক্রেতা এক ডিলার শনিবার ট্রাকে করে ডেফুলিয়া এলাকায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছিলেন। এ সময় আইনজীবী রিপন নানা অভিযোগ তুলে সেখানে উপস্থিত ট্যাগ অফিসার সুবোধ মজুমদারের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে তিনি (নাজমুল হুদা) ঘটনাস্থলে পৌঁছে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবিউল ইসলাম রিপনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।