লকডাউনেও থামছে না সড়ক দুর্ঘটনা। গত ২৬ মার্চ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও গত এক মাসে সড়ক দুর্ঘটনায় ২১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৭৭ জন। গতকাল রবিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলেছে, গত এক মাসে ২০১টি সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২৭ জন। সমস্ত গণপরিবহন বন্ধ থাকার পরও সড়ক দুর্ঘটনায় এমন মৃত্যুর সংখ্যায় উদ্বেগ জানিয়েছেন সংস্থাটি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই এক মাসে নৌপথে আটটি দুর্ঘটনায় আট জন নিহত, দুই জন আহত এবং দুই জন নিখোঁজ হয়েছে। এ সময় ৬৯ জন পথচারী, ৬৭ জন চালক, ৩২ জন পরিবহন শ্রমিক, ১৩ জন শিক্ষার্থী, তিন জন শিক্ষক, ৪৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ২৭ জন নারী, ২১ জন শিশু, একজন সাংবাদিক এবং একজন রাজনৈতিক দলের কর্মী সড়কে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে নিহত হয়েছে ৫০ জন চালক, ৬৪ জন পথচারী, ২২ জন নারী, ১২ জন ছাত্রছাত্রী, ২০ জন পরিবহন শ্রমিক, ১৮ জন শিশু, একজন রাজনৈতিক দলের কর্মী, দুই জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তিন জন শিক্ষক ও একজন সাংবাদিক।
অপরদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একদিনে শনাক্ত হয়েছেন ৬৬৫ জন নতুন রোগী। একই সময়ে মারা গেছেন আরো দুই জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জন। আর আক্রান্ত রোগীদের মধ্যে মোট ১৭৭ জন মৃত্যুবরণ করেছেন।
