নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আঁধারে এক বাড়ির টিউবওয়েলে কে বা কারা বিষ প্রয়োগ করে এবং পরে সেই বিষ মিশ্রিত পানি পান করে একই পরিবারের ছয় জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রবিবার দুপুরে মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা রমিজউদ্দীন জানান, ভোর রাতে টিউবওয়েলের পানি পান করে তার পরিবারের ছয় সদস্যের মধ্যে বিষক্রিয়া শুরু হয়। সন্দেহবশত টিউবওয়েল তল্লাশি করে দেখা যায়, সেটির পানিতে বিষের গন্ধ এবং একটি জালি কাপড় দিয়ে বিষাক্ত কয়েকটি ট্যাবলেট টিউবওয়েলের ভেতরে রডের সঙ্গে বাঁধা। বিষাক্ত পানি খেয়ে অসুস্থরা হলেন রমিজউদ্দীনের মেয়ে মানসুরা (২৪), ছেলে উজ্জ্বল (২৮), হাসিব (২২), হাসিবের স্ত্রী রোমানা (১৮), মেয়ে রুমি (১৮) ও হাসিবের স্ত্রীর বড়ো বোন রহিমা (২৬)। রমিজউদ্দীনের আশঙ্কা টিউবওয়েলের পানি পান করে আরো কেউ অসুস্থ হতে পারে। টিউবওয়েলের পানিতে বিষ মেশানোর ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের দেলোয়ার নামে এক জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আড়াইহাজার থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশাদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
