বেসরকারি হাসপাতাল করোনা পরীক্ষায় ৩ হাজার ৫০০ টাকা নেওয়ায় উকিল নোটিশ

আপডেট : ০৪ মে ২০২০, ০০:৪৩

বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণ টেস্ট বিনামূল্যে করার নির্দেশনা চেয়ে সরকারকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে করোনা ভাইরাসের টেস্ট বিনামূল্যে করা হচ্ছে। কিন্তু তিনটি বেসরকারি হাসপাতালে এ টেস্টের মূল্য রাখা হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা। এই সিদ্ধান্ত বাতিল না হলে বেসরকারি হাসপাতালগুলো করোনা টেস্টের নামে বাণিজ্য করার সুযোগ পাবে।

গতকাল রবিবার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালকসহ চার জনকে এ নোটিশ পাঠানো হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি ই-মেইলে এই নোটিশ পাঠান বেসরকারি সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার। নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যত বেশিসংখ্যক ব্যক্তিকে টেস্ট করা সম্ভব হবে দ্রুত এবং সঠিকভাবে এই ভাইরাস প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। কিন্তু একটি টেস্টের দাম যদি নির্ধারণ করা হয় সাড়ে ৩ হাজার টাকা তাহলে দেশের সাধারণ মানুষ টেস্টে আগ্রহী হবে না। ফলে এখানে একটি বাণিজ্যিকীকরণ হবে টেস্ট নিয়ে। এছাড়া এটি একটি বৈষম্যমূলক পদক্ষেপও। যা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত।