বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় আন্তর্জাতিক জোট গঠনে ঐকমত্য হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এই জোটের মাধ্যমে তারা কোটি কোটি পাউন্ড উত্তোলন করবেন যা দিয়ে কোভিড-১৯ রোগের চিকিত্সা ও ভ্যাকসিন তৈরি হবে। গতকাল পর্যন্ত বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। মারা গেছে প্রায় আড়াই লাখ। রাশিয়ায় এক দিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হচ্ছে। তবে শিথিল না হলেও নিউ ইয়র্কের পার্কে শত শত মানুষ ভিড় করছেন। এলকডাউন শিথিলের মধ্যে স্পেনে গত ছয় সপ্তাহে সবচেয়ে কম মানুষ মারা গেছে। ইরানে আজ থেকে কম ঝুঁকিপূর্ণ এলাকায় মসজিদ খুলে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডেও লকডাউন শিথিলের ঘোষণা দেওয়া হয়েছে।
একজোট ইইউ নেতারা
ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টে যৌথভাবে লেখা এক নিবন্ধে ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ের নেতৃবৃন্দ ও ইউরোপীয় ইউনিয়নের সিনিয়র কর্মকর্তারা বলেছেন, এই মহামারি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। তারা লিখেছেন, বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কার এবং চিকিত্সার ক্ষেত্রে সবাইকে একই মনের অধিকারী হতে হবে। এজন্য কোটি কোটি পাউন্ড তুলে তা এসব কাজে ব্যবহার করতে হবে। নেতৃবৃন্দ কোভিড-১৯ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি সমর্থন জানিয়েছেন। আজ সোমবারই এক অনলাইন সম্মেলনে ৬ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড উত্তোলনের আশা করা হচ্ছে। নেতৃবৃন্দ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক উন্মোচিত অ্যাকসেস টু কোভিড-১৯ টুলস (এসিটি) অ্যাকসিলেটরকে অনুমোদন দিয়েছেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ওয়েলকাম ট্রাস্ট এই উদ্যোগ স্বাগত জানিয়ে এতে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে।
জানুয়ারির আগে ভ্যাকসিন সম্ভব নয় :হোয়াইট হাউজ
হোয়াইট হাউজের করোনা মোকাবিলায় গঠিত কমিটির সমন্বয়ক ডা. দেবোরাহ বার্ক্স বলেছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন জানুয়ারি আগে পাওয়া সম্ভব নয়। এজন্য সঠিকভাবে সব কাজ সঠিকভাবে হতে হবে। তিনি ফক্স নিউজকে বলেছেন, ভ্যাকসিন তৈরিতে ১২ থেকে ১৮ মাস সময় লাগে। ডা. দেবোরাহ বার্ক্স বলেন, এক সঙ্গে পাঁচ থেকে ছয়টি ভ্যাকসিনের কার্যক্রম এগিয়ে নিলেই সেটা সম্ভব। একক কোনো ভ্যাকসিনের ওপর নির্ভর করলে চলবে না। বেশ কিছু ভ্যাকসিন তৈরি করতে হবে যেগুলো ভিন্ন ভিন্ন কাজ করবে। এর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, এক সঙ্গে ৩০ কোটি মানুষের ভ্যাকসিন তৈরির ব্যাপারে আশাবাদী হওয়া ঠিক নয়।
নিউ ইয়র্কে গতকাল তাপমাত্রা একটু বেশি হওয়ায় শহরের হাজার হাজার বাসিন্দা বিভিন্ন পার্কে বেরিয়ে পড়ে। তবে পুলিশ তাদেরকে সতর্ক করে দিয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে। রাজ্যে ৩ লাখ ২২ হাজার ৮৫৪ জন আক্রান্ত এবং মারা গেছে ২৪ হাজার ৪৬৮ জন। আর যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৭১ হাজার ৩৫০ জন। মারা গেছে সাড়ে ৬৮ হাজারের বেশি মানুষ। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ এক ভিডিও বার্তায় আমেরিকার সবাইকে একজোট হয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। ফ্লোরিডাতে লকডাউনের বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে আজ। দোকান-পাট ও রেস্তোরাঁ খুলে দেওয়া হচ্ছে। তবে স্কুল, জিম, সেলুন, পানশালা, কেয়ার হোম বন্ধ থাকবে।
রাশিয়ায় এক দিনে আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে
রাশিয়ায় ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে করোনার প্রাদুর্ভাবের পর এটা সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৮৬ জনে। এক দিনে ৫৮ জন মারা যাওয়ায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৮০ জনের।
ইরানে খুলছে মসজিদ
মার্চের মাঝামাঝি সময় থেকেই ইরানে মসজিদ বন্ধ ছিল। তবে রমজান মাস উপলক্ষ্যে সেগুলো খুলে দেওয়া হচ্ছে। ১৩২টি তুলনামূলক কম ঝুঁকির এলাকায় মসজিদ খুলে দেওয়ার কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
ফুল ছিটিয়ে স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা ভারতে
কোভিড-১৯ রোগীদের চিকিত্সায় ডাক্তার, নার্স, প্যারামেডিকসহ যারা ফ্রন্ট লাইনে কাজ করছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। গতকাল সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে বিভিন্ন হাসপাতালের ওপর ফুলের পাপড়ি ছিটানো হয়। এদিকে লকডাউন প্রত্যাহার করতে প্রস্তুতির কথা জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেশ কিছু সেবা এবং শিল্পপ্রতিষ্ঠান লকডাউন বিধি-নিষেধের আওতামুক্ত বলে ঘোষণা দিয়েছেন। রবিবার সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, দিল্লিকে পুনরায় খুলে দেওয়ার সময় হয়েছে। আমাদেরকে করোনা ভাইরাসকে সঙ্গী করে বসবাসের প্রস্তুতি নিতে হবে।
অন্যান্য দেশের পরিস্থিতি
সিঙ্গাপুরে নতুন করে আরো ৬৫৭ জনকে শনাক্ত করা হয়েছে যারা করোনা ভাইরাসে আক্রান্ত। এর ফলে ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৮ হাজার ২০৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নতুন করে আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই অভিবাসী শ্রমিক যারা ডরমিটরিতে বসবাস করেন। থাইল্যান্ডে মার্কেট, সেলুন, ক্রীড়ামঞ্চ ও কিছু রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে। রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। যেখানে দুজনের মধ্যে প্লাস্টিকের পর্দা দেওয়া থাকবে। অ্যালকোহল বিক্রির নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, তবে সেটা বাড়িতে বসে খেতে হবে।
জার্মানিতে খুলছে চার্চ। তবে কিছুই ঠিক আগের মতো থাকবে না। ধর্মীয় নেতা, কর্তৃপক্ষ ও সরকার মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা গির্জা খুলে দেবে। স্পেনে আজ থেকে গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন, সরকার ৬০ লাখ মাস্ক বিতরণ করবে। দেশটিতে ১৮ মার্চের পর থেকে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সবচেয়ে কম সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, এক দিনে মারা গেছে ১৬৪ জন। গত ছয় সপ্তাহে এই প্রথম এত কমসংখ্যক মানুষের মৃত্যু হলো। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা বিমানবন্দরে আসা যাত্রীদের এখন থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে না পাঠিয়ে তাদের দেহে সঙ্গে সঙ্গেই করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে।
