হারের বিস্বাদ টটেনহ্যামের

উড়ছে ক্লপের লিভারপুল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:১৫

আর্সেনালকে ৫-১ গোলে হারিয়ে লিভারপুল দীর্ঘ ২৯ বছর পর আবার কোনো ইংলিশ শিরোপা জয়ের সম্ভাবনায় আরও এগিয়ে গেল। নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলাটিতে রবার্তো ফিরমিনহোর হ্যাটট্রিক দলটির জয়কে অনায়াস করে দেয়। অপরদিকে শিরোপা প্রত্যাশায় টটেনহ্যাম হটস্পার হোঁচট খেলো উলভারহ্যাম্পটনের কাছে ৩-১ গোলে হেরে।

লিভারপুল গত শনিবার রাতের এ খেলায় জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে নয় পয়েন্টের ব্যবধান গড়ে নেয়। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি অবশ্য গতকাল রাতে সাউদাম্পটনের মাঠে জয় পেলে লিভারপুলের ব্যবধানটি কমে যাবে। এর মধ্যেই ৩ জানুয়ারি সিটির মাঠে খেলতে যাবে কোচ য়ুর্গেন ক্লপের লিভারপুল। জার্মান কোচের অধীনে দলটি যেভাবে খেলছে তাতে ১৯৮৯-৯০ মৌসুমের পর তাদের প্রথম লিগ শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত খেলাটিতে ১১তম মিনিটে গোল দিয়ে আর্সেনালই প্রথম এগিয়ে গিয়েছিল। কিন্তু ফিরমিনহো তিন মিনিট পরই সমতায় ফেরান লিভারপুলকে। এরপর ১৬ ও ৬৫ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন এই ব্রাজিলীয়। সাদিও মানে ও মোহামেদ সালাহ অবশ্য বিরতির আগেই অপর দুই গোল করলে তখনই অতিথিদের হার নিশ্চিত হয়ে যায়।

সালাহ’র ও ফিরমিনহোর শেষ গোলটি ছিল পেনাল্টিতে পাওয়া। এ গোলের মধ্য দিয়ে সালাহ প্রিমিয়ার লিগে পিয়েরে এমেরিক অবামেয়াং ও হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে সর্বাধিক গোলদাতার তালিকায় ঠাঁই পেলেন। তিনজনের গোল হলো ১৩টি করে। মিসরীয় এই স্ট্রাইকার ফিরমিনহোকে পেনাল্টি মারতে না দিলে এই রাতেই এককভাবে শীর্ষে উঠতে পারতেন।

ক্লপ জয়ের পর বলেন, ‘সব মিলিয়ে আর্সেনালের বিরুদ্ধে ৫-১ গোলে জেতা তো সবসময় ঘটে না। তাই খেলোয়াড়দের নিয়ে আমি সত্যি আনন্দিত। ২০১৮ সালে আমার অভিযোগের মতো কিছু নেই।’ আর্সেনাল কোচ বলেন, ‘তাদের বিরুদ্ধে খেলে বক্সে ঢোকা কঠিন। বিশেষ করে তাদের যে গুণপনা এবং দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব বিরাজ করছিল। রক্ষণাত্মক দিক বিচারে আমাদের আরও ভালো কিছু করা দরকার ছিল।’

এর মধ্যেই লিভারপুলের অ্যান্ডি রবার্টস জানিয়েছেন তার সতীর্থরা এখন সিটির সঙ্গে আসন্ন লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। খেলা শেষে তিনি বিটি স্পোর্টসকে বলেন, ‘সিটির খেলাটি অনেক বড়। সম্ভবত দলের প্রত্যেকেই সূচিটির দিকে তাকিয়ে আছে। ডিসেম্বরে আমরা একের পর এক খেলায় বিপক্ষকে নকআউট করেছি। এ কারণেই আমরা এখন ভালোভাবে এগিয়ে আছি। আমরা খেলাটির দিকে তাকিয়ে আছি। এখন আমরা বিশ্রাম নেব এবং সেই খেলাটির জন্য প্রস্তুতি নিব।’

টটেনহ্যামের মাঠ ওয়েম্বলিতে শেষ ১৮ মিনিটে তিন গোল করে ফুটবলামোদীদের তাক লাগিয়ে দেয় উলভারহ্যাম্পটন। যদিও হ্যারি কেইনই প্রথম গোল করে টটেনহ্যামকে ষষ্ঠ লিগ জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কোচ মরিচিও পচেত্তিনোর দল আগের খেলাগুলোর মতো দাপট দেখাতে ব্যর্থ হলে সুযোগ নেয় বিপক্ষ।

এ হারের পরও টটেনহ্যাম দ্বিতীয় স্থানেই আছে। তবে সিটি জিতলে স্থানচ্যুত হবে টটেনহ্যাম।