ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন টানা হারের কবলে পড়লেও খেলার ধরন বদলাবে না তার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ১৫ ম্যাচের ১৩টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই চেলসির মুখোমুখি হয়েছিলো বর্তমান চ্যাম্পিয়নরা। সে ম্যাচে ২-০ গোলে হারের পর ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে সিটি। মাঝে এভারটনের বিপক্ষে জয় পেলেও শেষ দুই ম্যাচে ক্রিস্টাল প্যালেস এবং লেস্টার সিটির কাছে আবারও হারের বিস্বাদ নিতে হয় গার্দিওলার শিষ্যদের।
গতকাল রাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল থেকে ১০ পয়েন্টে পিছিয়ে সাউদাম্পটনের মুখোমুখি হয় শিরোপাধারীরা। জয় ভিন্ন যে কোনো ফলাফল শিরোপার দৌড় থেকে আরও দূরে ঠেলে দেবে গার্দিওলার দলকে।
গার্দিওলা অবশ্য টানা হারের পরও খেলার ধরনে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা (কৌশলে পরিবর্তন) হচ্ছে না। প্রথম বছরগুলোতেও এটা হয়নি, এখনও তা হবে না। কেন আমি পরিবর্তন আনবো? দুটো ম্যাচ হেরে যাওয়ার কারণে? মোটেও না! এমনটা হচ্ছে না!’
গেল মৌসুমে দারুণ খেলছিলো তার দল, অনেকগুলো রেকর্ড গড়ে-ভেঙে শিরোপার স্বাদ নিয়েছিলো সিটি। কিন্তু এই মৌসুমে ইতোমধ্যেই হেরেছে তিনটি ম্যাচে। গার্দিওলা জানতেন এই হারের ফলে তার কৌশল প্রশ্নবিদ্ধ হবে কিন্তু তিনি জানালেন দলের সমস্যার আশু সমাধানে কাজ করছেন তিনি।
সাবেক বার্সেলোনা কোচের ভাষায়,‘গত মৌসুমে আমি জানতাম আমরা হারতে যাচ্ছি, আমাদের খেলার ধরন সন্দেহের মুখে পড়তে যাচ্ছে কিন্তু এটাও জানতাম এটাই সঠিক পথ। এমনটা স্থিতিশীল বার্সেলোনাতেও ঘটেছিলো, অথবা বায়ার্নেও যেখানে আমি অনেক শিরোপা জিতেছিলাম কিন্তু তারপরও ব্যর্থ হয়েছিলাম কেননা আমি সেখানে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি।’
গার্দিওলা জানান- দলের এমন অবস্থায় চিন্তিত নন তিনি। তিনি বলেন,‘আমি জানি এমন অবস্থায় কীভাবে কাজ করতে হয়, কিন্তু আমি চিন্তিত নই।’
