ঝুঁকিপূর্ণ সব এলাকায় আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছিঃ পানি সম্পদ উপমন্ত্রী

আপডেট : ০৪ মে ২০২০, ২০:৩১

আসন্ন বর্ষায় বন্যা মোকাবিলা এবং সারাদেশে নদীভাঙ্গণ ঝুঁকিপূর্ণ সব এলাকায় পানি সম্পদ মন্ত্রণালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। 

গেল রবিবার (৩ মে) পানি সম্পদ মন্ত্রণালয়ের এক জরুরী সভায় উপমন্ত্রী এসব কথা বলেন। এ সময় পানি সম্পদ উপমন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী  জাহিদ ফারুক, পানি সচিব কবির বিন আনোয়ার,অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম ও যুগ্ম সচিব(পরিকল্পনা) মন্টু কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী শামীম বলেন, বন্যার প্রস্তুতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইতিমধ্যে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, সাতক্ষীরার বিভিন্ন পয়েন্টে বাঁধ নির্মাণ কাজ চলছে। আরো ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছি। বর্ষায় নদীর স্রোতে বেড়ে যাবে যা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তাই জনগণের কোন রকমের ক্ষতি সাধন যাতে না হয় সেলক্ষ্যে দেশের ঝুঁকিপূর্ণ সব এলাকায় আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছি ও সার্বক্ষণিক নজরদারিতে রাখছি।

আরও পড়ুনঃ একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত

তিনি বলেন, দেশে করোনা সঙ্কট থাকলেও নিকটবর্তী সময়ে বর্ষা ও বন্যাই আমাদের অন্যতম চ্যালেঞ্জ। করোনা সঙ্কটে সাময়িকভাবে মাঠ পর্যায়ের কাজ স্থগিত থাকলেও বর্ষা সমাগত হওয়ায় ইতিমধ্যে দেশের চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভাঙ্গণপ্রবণ এলাকাতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কন্ট্রাক্টরদের সাথে সমন্বয় করে কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সকলের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, জীবাণুনাশক নিশ্চিত করে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছি।

এছাড়া মন্ত্রী তার বক্তব্যে বন্যায় ঝুঁকিপূর্ণ পয়েন্টসহ দেশের দিনাজপুর,গাইবান্ধা,রংপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ভোলা,সুনামগঞ্জ, শরীয়তপুরে চলমান প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে বলেও জানান।

এর আগে ২৯ এপ্রিল উপমন্ত্রী শামীম শরীয়তপুরের পদ্মার ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে যান এবং শ্রমিকদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।

ইত্তেফাক/ এমএএম