চড়া দামে বিক্রি হলো সৌম্য-তাসকিনের ব্যাট-বল

আপডেট : ০৪ মে ২০২০, ২০:৪৩

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে এসেছিলেন দুই ক্রিকেটার সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। অসহায় দুস্থদের পাশে দাঁড়াতে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে হ্যাটট্রিক করা বলটি নিলামে তোলেন তাসকিন আহমেদ। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে শতক হাঁকানো ব্যাটটি দেন সৌম্য সরকার। দুজনের স্মারকই বিক্রি হয়েছে চড়া দামে।

দুজনের দেওয়া ব্যাট-বল ‘অকশন ফর অ্যাকশন’ নামের একটি অনলাইন প্ল্যাটফরম থেকে নিলাম তোলা হয়। তাসকিনের বল এবং সৌম্যের ব্যাট উভয়ের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৩ লাখ টাকা। শেষ পর্যন্ত তাসকিনের হ্যাটট্রিক করা বলটি ৪ লাখ টাকায় বিক্রি হয়েছে। আর সৌম্যের ব্যাটটি বিক্রি আরো ৫০ হাজার টাকা বেশি—সাড়ে ৪ লাখ টাকায়।

ব্যাট ও বলটি নিলাম থেকে সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক। আয়োজকরা জানিয়েছেন, প্যাকেজ হিসেবে ব্যাংকটি সাড়ে ৮ লাখ টাকা বিড করেছে। সকল আনুষ্ঠানিকতা শেষে ব্যাংকটির নাম ঘোষণা করবে নিলামের অনলাইন প্ল্যাটফরম অকশন ফর অ্যাকশন।