স্পোর্টস ডেস্ক
বেশ কিছু দিন ধরেই বার্সেলোনা মিডফিল্ডার আর্থার মেলো আর জুভেন্তাসের মিরালেম পিয়ানিচের অদলবদলের গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল ইউরোপীয় সংবাদমাধ্যমে। রবিবার এক সাক্ষাত্কারে দুই ক্লাবের আলোচনার ব্যাপারটি নিশ্চিত করেছেন জুভেন্তাসের ক্রীড়া পরিচালক ফাবিও পারাতিচি।
তবে কেবল আর্থার মেলোই নয়, গুঞ্জন আছে ইভান রাকিটিচও হতে পারেন দুই ক্লাবের অদলবদল চুক্তির অংশ। সেক্ষেত্রে ক্রোয়াট মিডফিল্ডার যাবেন তুরিনে, আর পিয়ানিচ আসবেন কাতালুনিয়ায়।
তবে জুভেন্তাস ক্রীড়া পরিচালক কেবল আর্থারের ব্যাপারেই কথা বললেন। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমরা বার্সেলোনার সঙ্গে কথা বলছি, যা আমরা অন্যসব বড়ো ক্লাবের সঙ্গেও চালিয়ে যাচ্ছি। কারণ এই গ্রীষ্মটা ব্যতিক্রম হতে যাচ্ছে।’
করোনার কারণে সব ক্লাবের অর্থেও লেগেছে ভাটার টান। তাই আসছে দলবদলে নতুন কিছুই অপেক্ষা করছে বলে পূর্বানুমান করলেন জুভেন্তাস ক্রীড়া পরিচালক, ‘সবার কাছে এটা পরিষ্কার যে এখানে অর্থ কম খরচ হবে, অনেক বেশি অদলবদল হবে যেখানে দলগুলো সৃজনশীলতা দেখাবে। আমি মনে করি, আমরা লম্বা সময়ের জন্য ধারের চুক্তি দেখতে পাব।’
