হাসপাতালে রোনাল্ড কোম্যান

আপডেট : ০৪ মে ২০২০, ২০:৪৪

স্পোর্টস ডেস্ক

হূদরোগের কারণে রবিবার রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে নেদারল্যান্ড কোচ রোনাল্ড কোম্যানকে। আমস্টারডামের হাসপাতালে অস্ত্রোপচারের পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে তার ম্যানেজমেন্ট কোম্পানি ওয়েজারম্যান।

বিবৃতিতে বলা হয়, ৫৭ বছর বয়সি সাবেক সাউদাম্পটন ও এভারটন কোচ কোম্যান রবিবার রাতে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে আনা হয়। এরপর সেখানে ‘হার্ট ক্যাথেটেরাইজেশন’ নামের একটি চিকিত্সা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গতকাল সোমবার হাসপাতাল ছাড়ার কথাও ছিল তার।

তবে এর বাইরে আর কিছুই তার ম্যানেজমেন্ট কোম্পানি কিংবা ডাচ ফুটবল ফেডারেশন কারো পক্ষ থেকেই জানানো হয়নি। ডাচ টিভি চ্যানেল এনওএস অবশ্য কোম্যানের বিজনেস ম্যানেজার রব ইয়ানসেনের সূত্র ধরে জানিয়েছে, রবিবার সন্ধ্যায় এক মোটরসাইকেল যাত্রার পর হঠাত্ বুকে ব্যথা অনুভব করেন কোম্যান।