স্পোর্টস ডেস্ক
ইউরোপীয় টুর্নামেন্টে নিষেধাজ্ঞার কারণে বড়ো ধাক্কাই অপেক্ষা করছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির জন্যে। এরই প্রেক্ষিতে বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন জানালেন, নিষেধাজ্ঞা বহাল থাকলে সিটি ছাড়তে পারেন তিনি।
উয়েফার ‘ফিন্যানসিয়াল ফেয়ার প্লে’ নীতি ভাঙার কারণে চলতি বছরের শুরুতে ম্যানচেস্টার সিটির ওপর নেমে এসেছিল চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগে দুই বছরের নিষেধাজ্ঞা, সঙ্গে তিন কোটি ইউরোর জরিমানাও। এর বিরুদ্ধে আইনি লড়াই চললেও সমূহ সম্ভাবনা আছে রায় বহাল থাকার। ডি ব্রুইন জানান এমন কিছু হলে তা মেনে নেওয়াটা কষ্টকর হবে। সম্প্রতি বেলজিয়ান সংবাদ মাধ্যম হেট লাস্টে নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া দুই বছর অনেক বড়ো একটা সময়। এক বছর হলে হয়তো মানিয়ে নিতে পারব।’
সিটি কর্তৃপক্ষ অবশ্য ক্লাবের সব খেলোয়াড়কেই জানিয়েছে যে ভয়ের কিছু নেই, ক্লাবটি নির্দোষ। ডি ব্রুইনের ভাষ্য, ‘আমাদেরকে ক্লাব বলেছে যে তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে এবং আমাদের আশ্বস্ত করেছে, তারা শতভাগ নির্দোষ। আমরা ফলাফলের জন্যে অপেক্ষা করব এবং দেখব কী ঘটে। তবে ক্লাবের প্রতি আস্থা আছে আমার। তারা যখন বলছে এটা সত্যি, তাই আমি তাদের বিশ্বাস করি।’
করোনা ভাইরাসের কারণে ফুটবল স্থগিত হওয়ার আগে চ্যামিপয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অবশ্য এগিয়েই ছিল সিটি। রিয়ালের মাঠে ২-১ ব্যবধানে জেতা ম্যাচটায় ইংলিশ চ্যাম্পিয়নদের জয়ে জয়সূচক গোলটিও করেছিলেন ডি ব্রুইনই।
করোনা ভাইরাসের প্রভাবে ফুটবল স্থগিত হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়সূচক গোলটি করেন ডে ব্রইনে।
