ভারতে মদের দোকান খুলতেই হুলুস্থুল

আপডেট : ০৪ মে ২০২০, ২১:১৬

এনডিটিভি

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারতের বিভিন্ন স্থানে মদের দোকান খুলে দেওয়ায় হুমড়ি খেয়ে পড়ে মানুষ। অনেকেই সামাজিক দূরত্ব উপেক্ষা করে মদ কিনতে লাইনে দাঁড়িয়ে যান। মাস্ক পরা ছাড়া কেউ মদ কিনতে পারবে না এমন নির্দেশনা থাকলেও কেউ তা তোয়াক্কা করেনি।

এমন অশান্ত পরিস্থিতিতে দিল্লিতে চালু হওয়ার কয়েক ঘণ্টা পর বেশ কিছু দোকান বন্ধ করে দেওয়া হয়। গতকাল রাজধানী দিল্লিতে প্রায় ১০০টি মদের দোকান চালুর অনুমতি দেওয়া হয়। দিল্লির প্রতিবেশী হরিয়ানা এবং পাঞ্জাবে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি। তবে উত্তর প্রদেশে ঐদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মদের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এ সময় রাজ্যের বিভিন্ন স্থানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। করোনার কারণে গত সপ্তাহে আরো ১৪ দিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সংক্রমিত এলাকা ছাড়া করোনার গ্রিন জোনে মদের দোকান চালু করা যাবে। এদিকে পশ্চিমবঙ্গেও গতকাল থেকে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়। তবে অতি সংক্রমিত এলাকায় তা বিক্রির অনুমতি দেওয়া হয়নি। এদিন কলকাতার কালীঘাটে মদের দোকানের ভিড় সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পরে ঐ দোকানটি বন্ধ করে দেওয়া হয়।