৩০৬ গ্রামে আড়াই হাজার শূকরের মৃত্যু
করোনার মধ্যেই ভারতের আসাম রাজ্যে হানা দিয়েছে ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’। এতে এরই মধ্যে ৩০৬ গ্রামে আড়াই হাজার শূকর মারা গেছে। রাজ্যের পশুপালন মন্ত্রী অতুল বোরা জানান, এই ফ্লুতে কোভিড-১৯ হওয়ার কোনো আশঙ্কা নেই। —আনন্দবাজার পত্রিকা
মন্ত্রী অতুল বোরা রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এটি শূকরের মাংস, লালা, রক্ত ও কোষ থেকে ছড়ায়। তাই জেলা থেকে জেলায় শূকরের সরবরাহ বন্ধ করা হয়েছে। এই রোগ শূকরের মাংস থেকে ছড়াতে পারে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেখানে সংক্রমণ নেই, সেখানে শূকরের মাংস খাওয়ায় কোনো সমস্যা নেই। আমরা এজন্য কৃষকদের সচেতন করে তোলার চেষ্টা করছি। এ জন্য ১৩ জেলাকে বেছে নেওয়া হয়েছে। ভোপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস’ এর পক্ষ থেকে বলা হয়েছে, এটা ‘আফ্রিকান সোয়াইন ফ্লু।’ কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও বলা হয়েছে, এই প্রথম এ ধরনের কোনো সংক্রমণ ধরা পড়ল।
অতুল বোরা আরো জানিয়েছেন, এই ভয়ানক ছোঁয়াচে রোগের প্রকোপ কমাতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। সংক্রমিত এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর কেবল সংক্রমিত শূকরগুলোকেই হত্যা করা হবে। তিনি আরো বলেন, সব রাজ্য সরকারকে অনুরোধ করা হচ্ছে, যেন শূকরদের অন্য রাজ্যে পাঠানোর ব্যাপারে তারা বিরত থাকে।
