রয়টার্স
উত্তর কোরিয়ার সাফাই গেয়ে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নিরসনের চেষ্টা নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে উত্তর কোরিয়া সম্ভবত ‘দুর্ঘটনাবশত’ গুলি চালিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার স্বাস্থ্য নিয়ে জল্পনার প্রায় তিন সপ্তাহ পর জনসম্মুখে আসার পর দিনই সীমান্তে দুই কোরিয়ার মধ্যে গোলাগুলি হয়। রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার সীমান্তের একটি গার্ড পোস্টকে ঘিরে এ গোলাগুলি হয়। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া না গেলেও করোনা সংকটের মধ্যে দুই দেশের সীমান্তে উত্তেজনার আবহ সৃষ্টি হয়। আর সে উত্তেজনায়ই পানি ঢেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও এবিসি সংবাদমাধ্যমের ‘দিস উইক’ প্রোগ্রামে বলেছেন, ‘রবিবার সকালে দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়া থেকে গুলি ছোড়ার প্রাথমিক কয়েকটি খবরে আভাস পাওয়া যাচ্ছে যে, এটা ‘দুর্ঘটনাবশত’ ঘটেছে।’ ‘আমরা ওইসব খবর দেখেছি। আমাদের নিজস্ব কিছু তথ্যও দেখেছি। তাতে অন্তত প্রাথমিকভাবে পাওয়া খবরগুলো সঠিক বলে আমরা নিশ্চিত করতে পারি। উত্তর কোরিয়া যে গুলি ছুড়েছে সেটি দুর্ঘটনা বলেই আমরা মনে করছি। দক্ষিণ কোরিয়া পালটা গুলিতে এর জবাব দিয়েছে। তবে কোনো পক্ষেই কোনো প্রাণহানি ঘটেনি।’ দুই কোরিয়ার সীমান্তে গোলাগুলি নিয়ে এমন কথা বললেও মাঝের কিছু দিন কিম জং উনের উধাও হয়ে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মাইক পম্পেও।
