বিবিসি
আফগানিস্তানের একদল অভিবাসীকে নির্যাতনের পর ইরানি সীমান্তরক্ষীরা তাদের নদীতে ফেলে দেওয়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখছে আফগানিস্তান।
আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশটির হেরাত প্রদেশ থেকে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টার সময় ঐ অভিবাসীরা ধরা পড়ে। তাদের পেটানোর পর নদীতে ঝাঁপ দিতে বাধ্য করে ইরানি সীমান্তরক্ষীরা। এতে অভিবাসীদের মধ্যে কয়েকজন মারা যায়। এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি ইরানে নয় আফগানিস্তানের সীমান্তের ভিতরে ঘটেছে আর তাদের নিরাপত্তারক্ষীরা এ ধরনের কোনো ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। বিবিসি জানিয়েছে, কতজন এ ঘটনার শিকার হয়েছে তার সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
