খুলনা অফিস
করোনায় সরকারের সাধারণ ক্ষমার আওতায় খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন দুই জন। গতকাল সোমবার দুপুরে তারা খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন। মুক্তিপ্রাপ্তরা হচ্ছে—খুলনার মহানগরীর দৌলতপুরের মো. কিবরিয়া শেখ (২৫) এবং যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার মো. সবুজ (২৪)। চুরি মামলায় তারা খুলনা জেলা কারাগারে এক বছরের সাজা ভোগ করছিলেন। এরই মধ্যে তারা চার মাসের কারাদণ্ড ভোগ করেছেন।
খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ (কারা-২) শাখার ২৯ এপ্রিলের প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী দুই জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করে গতকাল সোমবার দুপুর ২টা ১০ মিনিটে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, করোনার কারণে সরকার লঘুদণ্ড ও ২০ বছরের অধিক সাজাপ্রাপ্তদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।
