জীবনভিত্তিক থিম নিয়ে ড. আতিউর রহমান বুলবুলের লেখা ‘সব ফেরারি’ শিরোনামের একটি গান গাইলেন কলকাতার প্রখ্যাত শিল্পী জয়তী চক্রবর্তী। গানটির সুরারোপ ও সঙ্গীত নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট মিউজিশিয়ান ইন্দ্রনীল মিত্র। মিউজিক প্রডাকশন ও অ্যারেঞ্জমেন্ট যৌথভাবে করেছেন শিবাশিস ব্যানার্জি ও চয়ন চক্রবর্তী। মিক্সিং ও মাস্টারিং করেছেন রুপক তিয়ারি। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার মিউজিক হাউজ স্টুডিওতে।
গানের গল্প ও কথা সাজানো সম্পর্কে গীতিকার বলেন, ‘এটা কাল্পনিক কিছু সাজানো কথা নয়। এই গান জীবন থেকে নেওয়া কিছু সময় এবং অনুভূতি সহজ কথায় চিত্রায়ণের প্রচেষ্টা। গানের মূল কথা, সময়ের ব্যবধানে আমরা নিজস্ব অবস্থান থেকে মেনে নিই, কিন্তু বুকের মাঝে শূন্যতা আর পূরণ হয় না।’ উল্লেখ্য, গতবছর ইন্দ্রনীল এবং আতিউরের ‘বলবে না পিছুটান’ গানটি শ্রোতাদের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে। এবারো গানের কথার প্রয়োজনে নতুন আঙ্গিকে মনকাড়া সুর করেছেন ইন্দ্রনীল। গীতিকার আতিউর পেশাগত জীবনে ভূগর্ভস্থ পানি এবং পরিবেশ নিয়ে কাজ করছেন। অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মনের টানে গান লেখেন তিনি।
