বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ
বকেয়া বেতন পরিশোধের দাবি এবং ছাঁটাইয়ের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় দুটি ও গাজীপুরে দুটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এ অবস্থায় কয়েকজন শ্রমিক জানান, মালিক পক্ষ তাদের কয়েক দফা বেতন পরিশোধের আশ্বাস দিলেও নির্দিষ্ট সময়ে কারখানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তিন মাস ধরে বেতন না পেয়ে করোনা সংকট ও রোজার মধ্যে তারা মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। এর আগে বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, সাভার ও ঢাকার বিভিন্নস্থানে শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
এমএসএফ মনে করে যে- চলমান করোনা ভাইরাস মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে কারখানা খোলা রেখে শ্রমিকদের কাজে বাধ্য করা হচ্ছে, যা শ্রমিকদের ও তাদের পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ। অপরদিকে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার অধিকার লঙ্ঘন করে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। যা জাতীয় স্বার্থের পরিপন্থি। সার্বিক বিবেচনায় এমএসএফ শ্রমিক ছাঁটাই বন্ধ করা ও বকেয়া বেতন-বোনাস দ্রুত সময়ে পরিশোধ করতে সরকার ও গার্মেন্টস মালিক পক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।-প্রেস বিজ্ঞপ্তি
