সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে সোয়া কোটি টাকা মূল্যের ২৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। রবিবার রাতে র্যাব-১৪ ব্যাটালিয়নের ভৈরব ক্যাম্পের একটি দল উপজেলার মোগড়াপাড়া এলাকায় এ অভিযান চালায়। জব্দকৃত ইয়াবার মূল্য ১ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা হবে বলে র্যাব জানিয়েছে। আটককৃতরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার হারিনাল এলাকার মাসুদ ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার কামরুল ইসলাম মোল্লা। সোমবার দুপুরে র্যাব-১৪ ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদক ব্যবসায়ীদের একটি শক্তিশালী চক্র নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা-নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার মধ্যরাতে মোগড়াপাড়া গোহাট্টা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
