বাম্পার ফলনের সম্ভাবনা
আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রাণীনগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে লাভজনক ও পরিবেশবান্ধব তিলের আবাদ। বার বার ধান চাষে লোকসান হওয়ার কারণে উপজেলার কৃষকরা আবার তিল চাষের দিকে ঝুঁকছেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, একই জমিতে বার বার একই ফসল ধান চাষের কারণে জমির ঊর্বরতা হ্রাস পাওয়ার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তিলসহ বিভিন্ন প্রকারের লাভজনক রবিশস্য চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। চলতি রবি মৌসুমে উপজেলার ৫ হেক্টর জমিতে বারি তিল-১০ জাতের তিল চাষ করা হয়েছে।
উপজেলার খট্টেশ্বর গ্রামের কৃষক জাফর আলী বলেন, চলতি মৌসুমে কৃষি অফিসের সহযোগিতায় দুই বিঘা জমিতে তিলের আবাদ করেছি। আবহাওয়া তিল চাষের অনুকূলে থাকায় এবার তিলের বাম্পার ফলনের আশা করছি। এছাড়া তিলের বর্তমান বাজার অব্যাহত থাকলে দামও অনেক ভালো পাবো বলে আশাবাদী। ধান চাষের চেয়ে তিলের চাষ অনেক লাভজনক বলে আমি আগামীতেও দ্বিগুণ জমিতে এই তিলের চাষ করব। কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, জমিসহ পরিবেশের ক্ষতির হাত থেকে কৃষকদের রক্ষা করার লক্ষ্যে সরকার লাভজনক ফসলের আবাদ পুনরায় ফিরিয়ে আনতে কৃষকদের মধ্যে প্রণোদনার মাধ্যমে ভর্তুকি দিয়ে আসছে। আমরাও চেষ্টা করছি কৃষকদের লাভজনক ফসল চাষের দিকে ফিরিয়ে আনতে। এদিকে তিলের বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
