মহল্লা লকডাউন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যুর পর সোমবার সকাল থেকে পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লা লকডাউন করেছে প্রশাসন। মৃত গৃহবধূর মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সপ্তাহখানেক আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এখানে চিকিত্সাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। করোনায় আক্রান্ত তার ঐ মেয়েটি হাসপাতালে মায়ের সঙ্গে ছিলেন।
উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, ঐ গৃহবধূর মৃত্যুর পর তার স্বজনরা লাশ গভীর রাতে উল্লাপাড়ায় নিয়ে আসেন এবং কাউকে কিছু না জানিয়ে সোমবার রাতে সেহরির পর পশ্চিমপাড়া কবরস্থানে তাকে গোপনে দাফন করেন। মৃত্যু গৃহবধূর সঙ্গে তার মেয়েটিও বাড়ি এসেছেন। সোমবার ভোরে খবরটি জানাজানি হলে প্রশাসন থেকে ঐ গৃহবধূর পরিবার ও পুরো মহল্লা লকডাউন করে দিয়েছে।
