ত্রাণের দাবিতে রংপুরে বিক্ষোভ, সিটি করপোরেশন ঘেরাও

আপডেট : ০৪ মে ২০২০, ২২:২৪

রংপুরে পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবিতে সড়ক অবরোধ ও সিটি করপোরেশন ঘেরাও করে বিক্ষোভ করেন শ্রমিকসহ নিম্নআয়ের সহস্রাধিক মানুষ। এ সময় বিক্ষুব্ধরা বিভিন্ন স্লোগান দিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ করে দেন।  আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত রংপুর সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ মিছিল চলে। এতে বিভিন্ন এলাকা থেকে আসা রিকশা, ভ্যান, ঠেলা ও অটোবাইক শ্রমিকসহ শত শত দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ অংশ নেন।

নগরীর সিটি বাজারের কাছ থেকে টাউন হল চত্বর সড়ক এলাকা পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের বাধার মুখে যানবাহন চলাচল ব্যাহত হওয়াতে গুরুত্বপূর্ণ সড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এদিকে বিক্ষোভকারীরা সিটি করপোরেশনের ভেতরের প্রবেশের চেষ্টা করেন। এসময় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন মিঞা, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ সিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সেখানে উপস্থিত হন। তাদের দাবি-দাওয়া শোনার পরে মেয়রের আশ্বাসে বিক্ষোভকারীরা চলে যান। পরে স্থানীয় শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়।