সতর্ক না হলে করোনা আরো বিধ্বংসী হয়ে উঠবে :কাদের

আপডেট : ০৪ মে ২০২০, ২২:২৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, ‘করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও ঘরে থেকে স্বাস্থ্যবিধি যদি কঠোরভাবে মেনে না চলি, তা হলে আমাদের দুর্বলতার সুযোগে করোনা আরো বিধ্বংসী হয়ে উঠবে। সবাইকে সতর্ক থাকতে হবে, শক্তিশালী থাকতে হবে। কেউ আতঙ্কিত হবেন না। কেননা আমাদের দুর্বলতার কারণে সংক্রমণের বিস্তার ঘটবে।’

গতকাল সোমবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারসহ পুরো জাতি করোনা সংকটের সম্মুখযোদ্ধাদের পাশে আছেন। তাদের কোনো অবস্থাতেই মনোবল হারালে চলবে না।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশে যে ত্রাণ বিতরণ করছে তার তালিকা তৈরি করে দলীয় প্রধানের কাছে পাঠাতে হবে। স্বপ্নের পদ্মা সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর      রহমান টানেলের নির্মাণকাজের অগ্রগতি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর নির্মাণকাজ এগিয়ে চলছে। কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজও চলমান। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর নির্মাণকাজ এগিয়ে চলছে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক এক জরিপে এসেছে বিশ্বের ৬৬টি উদীয়মান অর্থনীতির মধ্যে বাংলাদেশ নবম স্থানে। পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো। খাদ্য নিরাপত্তায় আমাদের অবস্থান সন্তোষজনক। বর্তমানে ৮০ ভাগ ধান কাটার কাজ শেষ হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা সারাদেশে ধান কাটায় অংশ নিয়েছেন।