স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হয়েছে। দেশে কারো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে এখন থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিবর্তে স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সংগ্রহ করবে। রবিবার থেকে এ নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করেছে অধিদপ্তর। তবে পরীক্ষা করছে আইইডিসিআর। এতদিন আইইডিসিআর এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে আসছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরো বাড়তে পারে এমন আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইইডিসিআর এখন থেকে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও এর নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করবে।
করোনা ভাইরাস শনাক্তকরণের মাধ্যমে দেশ জুড়ে আলোচনায় এসেছিল স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত সংবাদ সম্মেলনেও হাজির হতেন। গণমাধ্যমে সরব উপস্থিতি, বাচনভঙ্গি দিয়ে সবার আস্থা অর্জন করেন তিনি। তবে স্বাস্থ্যখাতের অভ্যন্তরে তিনি বেশ সমালোচিত হচ্ছিলেন। কারণ পরীক্ষা-নিরীক্ষা আইইডিসিআরের বাইরে তিনি কিছুতেই ছাড়তে চাইছিলেন না। এক পর্যায়ে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা পরীক্ষা সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এর পরই নিষ্ক্রিয় হতে থাকেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এপ্রিলের মাঝামাঝি থেকে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনেও আসছিলেন না। এরই ধারাবাহিকতায় নমুনা সংগ্রহ থেকেও সরে দাঁড়াল প্রতিষ্ঠানটি।
