প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আলো জ্বলবেই :নাসিম

আপডেট : ০৪ মে ২০২০, ২২:২৭

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে তৃণমূল পর্যায়েও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিত্সক এমনকি সাংবাদিকেরাও মাঠে যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়। করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে গিয়ে পুলিশ, চিকিত্সক ও সাংবাদিকরা ইতিমধ্যেই জীবন দিয়েছেন। কৃতজ্ঞ জাতি করোনাযোদ্ধা এই ভাইদের কথা চিরদিন স্মরণ রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

গতকাল সোমবার বেলা ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে ‘প্রধানমন্ত্রীর উপহার’ খাদ্যসামগ্রী বিতরণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। বাংলাদেশ করোনাবিরোধী লড়াইয়ে খুব শিগিগরই বিজয় লাভ করবে মন্তব্য করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে আলো জ্বলবেই। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকার নিম্ন আয়ের মানুষের জন্য সিরাজগঞ্জ-কাজিপুরসহ সারাদেশে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করছে। অসহায় মানুষের মধ্যে চিকিত্সা ও খাদ্যসহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। মোহাম্মদ নাসিম গত তিন দিন সামাজিক দূরত্ব বজায় রেখে তার নির্বাচনি এলাকা কাজিপুর এবং সিরাজগঞ্জে আলেম সমাজসহ রিকশা ভ্যান শ্রমিক, ফেরিওয়ালা, ধোপা, নাপিত, ক্ষুদ্র ব্যবসায়ী, চা-দোকানিসহ নিম্ন আয়ের মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রীর উপহার’ পৌঁছে দিতে পেরে আনন্দিত হয়েছেন বলে উল্লেখ করেছেন।

এ সময় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কলিলুর রহমান সিরাজী, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।