রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষার ফল আসার পর সোমবার বিকালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিত্সার জন্য নিবেদিত হাসপাতালটির নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু এ তথ্য জানান। তিনি বলেন, ‘সর্বশেষ নমুনা পরীক্ষায় প্রমাণিত হয়েছে, স্যার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।’ অধ্যাপক মামুনের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে তিনি বলেন, ‘তাকে আইসিইউতে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে, অবস্থা স্ট্যাবল রয়েছে।’
এছাড়া বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ স্ত্রী ও কন্যাসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বাসায় চিকিত্সা নিচ্ছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রবিবার রাতে হাসপাতালে ভর্তি হন মুনতাসীর মামুন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। ডা. মনিলাল জানান, ৬৯ বছর বয়সি এই অধ্যাপকের হূদেরাগের পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে। তার যে শারীরিক অবস্থা তাতে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। অধ্যাপক মুনতাসীরের পারিবারিক বন্ধু কবি তারিক সুজাত জানিয়েছেন, গত ১৮ এপ্রিল মা জাহানারা খান কোভিড-১৯ আক্রান্ত হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করতে যান অধ্যাপক মামুন। কোভিড আক্রান্ত মায়ের সংস্পর্শে আসায় তার মধ্যেও হয়তো কোভিডের সব লক্ষণ দেখা যাচ্ছে।
এদিকে বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেওয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরোনো অনুষ্ঠান চালানো হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক আক্রান্ত
হবিগঞ্জ প্রতিনিধি বলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান করোনা আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান তা নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংথ্যা দাঁড়ালো ৭৫ জনে। জেলা প্রশাসক হোম কোয়ারেন্টাইনে আছেন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তার আরেকটি নমুনা সোমবার আবার ল্যাবে পাঠানো হয়েছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সরকারি হাসপাতালের পাঁচ জন চিকিত্সক, ছয় জন নার্সসহ ২৬ জন এবং জেলা ও উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, প্রকৌশলীসহ আট জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া এক জন ব্যাংক কর্মকর্তা ও এক জন এনজিও স্বাস্থ্যকর্মীও আছেন।
