ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারীকে গণধর্ষণ করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজবাগ ইউনিয়নের ভাষাগকুলনগর গ্রামে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ভাষাগকুল নগর গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে বাড়ির পাশের ইটখোলার পাহারাদার আব্দুল বারেক (৫০), বটতলা বাজারের পাহারাদার আব্দুল মান্নান (৭০) ও নুরুল ইসলাম (৫০) তাকে মুখ চেপে ধরে ইটখোলায় পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার ডাকচিত্কারে ঐ নারীর বাবা ও চাচা ইটখোলায় গিয়ে তাকে উদ্ধার করে। ধর্ষিতার পিতা বিষয়টি স্থানীয় মাতবরদের জানান। তারা বিষয়টি সুরাহা করতে না পারায় পুলিশকে অবহিত করলে পুলিশ ধর্ষক আব্দুল বারেক ও আব্দুল মান্নানকে আটক করে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, দুই জনকে আটক করা হয়েছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে।
