কক্সবাজারের কুতুবদিয়ায় সুদের ৫০০ টাকা সময় মতো দিতে না পারায় বজল করিম (৪৫) নামের এক জনকে পিটিয়ে হত্যা করেছে পাওনাদার। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার আলী আকবার ডেইল ইউনিয়নের হাটখোলা এলাকায় এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
নিহত বজল করিম (৪৫) আলী আকবার ডেইল ইউনিয়নের হাটখোলা এলাকার মৃত ছাবের আহমদের ছেলে। বজলের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, প্রতিবেশি মোতালেবের ছেলে শাহাব উদ্দীন থেকে ফেব্রুয়ারির শেষের দিকে মাসে ৫০০ টাকা সুদে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন বজল করিম। মার্চের সুদের টাকা এপ্রিলের শুরুতে দিতে পারলেও করোনায় অভাবের কারণে এপ্রিল মাসের সুদের টাকা শোধ করতে পারেনি বজল। এ নিয়ে সোমবার উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পাওনাদার শাহাব উদ্দীন, তার পিতা মোতালেবসহ অন্যরা লাঠি দিয়ে বজলকে বেদম প্রহার করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান।
