নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্নে প্রতিষ্ঠান প্রধানরা চরম ভোগান্তিতে পড়েছেন। শিক্ষকরা অভিযোগে বলেছেন, নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনলাইনে এমপিওর আবেদনের শেষ সময় ৩ ও ৪ মে নির্ধারণ করা হয়েছে। অথচ আবেদন প্রক্রিয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সার্ভারে অনলাইনে আবেদন সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। সার্ভার সমস্যার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলা থেকে ফোন করে এমন ভোগান্তির কথা জানান শিক্ষকরা। বিষয়টি আমলে নিয়ে অনলাইনে আবেদন কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির উপপরিচালক রুহুল মমিন জানিয়েছেন, নতুন এমপিও শিক্ষক-কর্মচারীদের আবেদনের সময়সীমা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি ও বাশিসের মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স সার্ভারের ভোগান্তির বিষয়টি লিখিতভাবে অভিযোগ করেন। তারা নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনের সময় বৃদ্ধি করতে মাউশির ডিজির দৃষ্টি আকর্ষণ করেছেন।
