ঈদের ছুটিতে দূরপাল্লার বাস বন্ধ থাকবে

আপডেট : ০৫ মে ২০২০, ০০:১২

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আন্তঃজেলা পরিবহন বা দূরপাল্লার বাস বন্ধ থাকবে। সাধারণ ছুটিতে চলাচলে নিষেধাজ্ঞাকালে এক জেলা হতে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া, ঈদ-উল-ফিতরের সরকারি ছুটিতেও কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। উক্ত সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। আগামী ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানোর পর ‘করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ’ বিষয়ক মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় একথা জানানো হয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ বা ২৫ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড়ো ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় এবার যে যে এলাকায় অবস্থান করছেন সেখানেই ঈদ উদ্যাপন করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, সাধারণ ছুটি চলাচলে নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলাপ্রশাসন/আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।

‘করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয় বিক্রয়, ওষুধ কেনা, চিকিত্সাসেবা, মরদেহ দাফন বা সত্কার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বেরোনো যাবে না। এই ছুটি চলাচলকালীন জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যসেবা বিভাগ জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।