করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটি গঠন করুন

আপডেট : ০৫ মে ২০২০, ০০:১৪

করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটি গঠনের আহ্বান জানিয়েছেন দেশের ৪৭ জন নাগরিক। গতকাল সোমবার এই যুক্ত-আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতিটি দিয়েছেন—নাসির উদ্দিন আহমেদ নাসু, জাফর হোসেন, আব্দুল আলী, সন্তোষ গুপ্ত, সরোয়ার মুর্শেদ, ইমাম গাজ্জালী,  মাসুদ খান, হাসান ফকরী, লাবনী মন্ডল, সালমা রহমান শুভ্রা, শারমিন রহমান, নিলয় চৌধুরীসহ ৪৭ জন।

বিবৃতিতে তারা বলেন, করোনা দুর্যোগ মহামারির মধ্যে জনগণের দুর্দশা প্রতিনিয়ত বেড়েই চলেছে। কোভিড-১৯ সংক্রমণের ভয়াবহতা থেকে উত্তরণের জন্য আজ মেহনতি জনগণের ব্যাপক ঐক্য গড়ে তোলা দরকার। রাষ্ট্রের জনবল ও সম্পদ নিয়োগ ছাড়া এ দুর্যোগ পরিস্থিতিতে কেবল জনগণের নিজের চেষ্টায় করোনা সংক্রমণ ঠেকানো, জনগণের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সুতরাং, রাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী ও সেবা আদায় করে নেওয়ার জন্য সকলের সোচ্চার হওয়াই এখন একমাত্র বাঁচার পথ। এ জন্য বঞ্চিত জনগণকে সরাসরি নিজের দাবিগুলো স্থানীয় ও জাতীয়পর্যায়ে রাষ্ট্র ও সরকারের কাছে জানাতে হবে এবং প্রাপ্য আদায় করতে সক্ষম হতে হবে। বিচ্ছিন্নভাবে প্রাপ্য আদায় করতে গেলে উলটা সমস্যায় পড়তে হতে পারে। সুতরাং সংকটগ্রস্ত জনগণকে এ উদ্দেশ্যে সংঘবদ্ধ করাই হলো সাফল্যের প্রথম শর্ত। এ শর্ত পূরণের জন্য গ্রাম/ পাড়া/ ওয়ার্ড পর্যায়ে বিবেকবান স্বেচ্ছাসেবী ও সংকটগ্রস্ত তরুণদের নিয়ে একটি করে গণসেবী টিম গঠন করতে হবে। গণসেবীরা তাদের এলাকার অভুক্ত, সংকটাপন্ন ও বেকার হয়ে পড়া শ্রমজীবী পরিবারের বিস্তারিত তালিকা তৈরি করবে। তাদের নিয়ে ত্রাণ ও অন্যান্য প্রাপ্য নিশ্চিত করাসহ করোনা সংকট মোকাবিলার স্বার্থে গণকমিটি গঠন করবে। —প্রেস বিজ্ঞপ্তি