পুনঃ অর্থায়ন তহবিলে বাড়তি সুদ আরোপ রোধে তদারকির তাগিদ

আপডেট : ০৫ মে ২০২০, ০০:১৪

সরকারের পুনঃঅর্থায়ন তহবিলের এনজিও কর্তৃক বাড়তি সুদ আরোপ যাতে না করতে পারে, তা তদারকির তাগিদ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান রাখা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। এই স্কিমে তহবিলের পরিমাণ ৩ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের এক পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। যার কারণে দেশের নিম্নআয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক-ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের আয় উত্সারী কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না। গ্রামীণ অর্থনীতিতে দেশের নিম্নআয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক-ক্ষুদ্র ব্যবসায়ীদের অবদান অনেক। এই স্কিমের মূল হলো, এই ব্যবস্থাপনাটির মাধ্যমে গতানুগতিক রাষ্ট্রীয় ব্যাংক  ঋণ ব্যবস্থাপনা এবং এনজিও কর্তৃক প্রদেয় ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় সাধন করা।

রাষ্ট্রীয় ব্যাংক ঋণ ব্যবস্থাপনায় মূলত স্থাবর-অস্থাবর সম্পত্তি বন্ধক-মর্টগেজের মাধ্যমে ঋণ গ্রহণের সুযোগ থাকে। অন্যদিকে এনজিও কর্তৃক প্রদেয় ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরাসরি কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি বন্ধক না নিয়ে সমিতির ওপর বিশ্বাসের ভিত্তিতে ঋণ প্রদান করা হয়ে থাকে। সরকার ঘোষিত এই উদ্ভাবনী ব্যবস্থাপনায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সক্ষমতা বা প্রয়োজন বিবেচনায় আনা হয়েছে। কোনো মর্টগেজ বা বন্ধকের প্রয়োজন নেই।