করোনা সংক্রমণে মৃত্যুবরণকারী সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী শারমিন সুলতানা রীনা করোনা আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। খোকন মারা যাওয়ার পর গত পহেলা মে রীনা ও তার ছেলের শরীরে করোনা শনাক্ত হয়। এত দিন তারা বাসায়ই চিকিত্সা নিচ্ছিলেন। কিন্তু রবিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নীেয়া হয়। তার ছেলে এখনো বাসায় থেকে চিকিত্সা নিচ্ছেন। খোকনের মৃত্যুর পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন তারা।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন। রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদ ফেসবুকে স্ট্যাটার্স দিয়ে জানিয়েছেন, ‘প্রয়াত সাংবাদিক যোদ্ধা হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমিন আপা ও ছেলে আবিরের করোনা পজিটিভ আসায় বর্তমানে আমাদের রিজেন্ট হসপিটাল উত্তরায় চিকিত্সাধীন আছেন। শারমিন আপার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হচ্ছে বিধায় তাকে মনিটরিং ও নিবিড় চিকিত্সার জন্য আইসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। করোনা পজিটিভ হতে পারে জেনেও স্বামীর শেষ সময়ে সঙ্গে ছিলেন তিনি। আমরা তার দ্রুত আরোগ্যের প্রার্থনা করছি।’
